admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশে এসএসসি পরীক্ষা দুই শিফটে, ৩০ দিনে ফল। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার, ১৪ নভেম্বর। সকাল ও বিকাল দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ নভেম্বর পরীক্ষা শেষ হবে। এ ছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগেই জানিয়েছেন যে, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এদিকে, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৮ নভেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা কালে যাতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেজন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বরং ভিন্ন ভিন্ন সময়ে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।
আগামীকাল ১৪ নভেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত হবে সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা।এ ছাড়া মাদ্রাসাও ভোকেশনালের পরীক্ষা ১৪ থেকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত হবে। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।