admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
বাংলাদেশের আগামী মাসের শেষ দিকে মেট্রোরেলের প্রথম ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরই মেট্রোরেল প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করার পরিকল্পনা করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে স্প্যান ও সেগমেন্ট বসানোর মধ্য দিয়ে এ অংশের ১১ দশমিক ৭৩ কিলোমিটার লাইন দৃশ্যমান হয়েছে। এবার প্রকল্পের জন্য তৈরি হওয়া প্রথম ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) জাপানের কোবে বন্দর থেকে এটি ছেড়ে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষ দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।
ণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। জানা গেছে, ট্রেনটি গত ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসার আসার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তখন সেটি পাঠানো যায়নি। তবুও আগামী ২৩ এপ্রিলের মধ্যে মংলা বন্দর হয়ে ঢাকার দিয়াবাড়িতে পৌঁছানোর কথা রয়েছে এটির। রাজধানীতে যানজটমুক্ত কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় ২০১২ সালে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) অনুমোদন দেয়া হয়।
জাপানের সহায়তায় ২০২৪ সালের মধ্যে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার কথা রয়েছে। মতিঝিল থেকে লাইনটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ফলে দৈর্ঘ্য দাড়াবে ২১ দশমিক ৭০ কিলোমিটার। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগারগাঁও পর্যন্ত অংশ আগেই চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১৭ সালের আগস্টে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করতে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ডিএমটিসিএল। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন প্রস্তুত হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় ট্রেনটি আগামী ১৬ জুন এবং তৃতীয় ট্রেনটি ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।