admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিচ্ছে জাপান। দেশটির কাছ থেকে বাংলাদেশ জরুরি ঋণ সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৫ বিলিয়ন ইয়েন ঋণ পেতে যাচ্ছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস থেকে আজ বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাপান জরুরি ঋণ সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাত্র ০.০১ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিতে সই করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন।
চুক্তি অনুসারে জাইকার মাধ্যমে বাংলাদেশকে এই ঋণ সহায়তা দেবে জাপান। ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি সই প্রসঙ্গত, করোনা মোকাবেলায় জাপান এর আগে বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিয়েছে। এ ছাড়া গত ১৬ জুলাই দেশটি আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেয়। ওই অর্থ দিয়ে কোভিড-১৯ মোকাবেলায় সিটি স্ক্যানার, এক্সরে মেশিন এবং হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।