admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ৪:১৪ পূর্বাহ্ণ
রোহিঙ্গাদের প্রথম দলটিকে বর্ষা মৌসুম শেষ হওয়ার পরই নোয়াখালীর ভাসানচরে পাঠানোর আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত এক ওয়েবিনারে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ৩০৬ জন রোহিঙ্গা বর্তমানে ভাসানচরে ভালোই আছেন। আর সেই অবস্থা পরিদর্শনের জন্য শিগগিরই তাদের স্বজন এবং রোহিঙ্গা প্রতিনিধিদের একটি দলকে সেখানে পাঠানো হবে। যদি তারা পরিস্থিতি দেখে সন্তুষ্ট হয় তাহলে বর্ষা মৌসুমের শেষে প্রথম দলটিকে পাঠানোর আশা করছি।
জাতিসংঘের প্রতিনিধি দলেরও সেখানে যাওয়ার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভাসানচরের পরিস্থিতি দেখানোর জন্য মানবাধিকার ও গণমাধ্যমের প্রতিনিধিদেরও পাঠানোর আয়োজন করা হতে পারে।রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, এ প্রক্রিয়া শুরু না হওয়ার পেছনে মিয়ানমার দায়ী। রাখাইনে সহায়ক পরিবেশ তৈরির ব্যাপারে তারা ন্যূনতম রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় আলোচনার ব্যাপারেও তাদের মধ্যে অনীহা দেখা গেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক ও সামাজিক উপাদানগুলোর পাশাপাশি সহায়ক পরিবেশও দরকার। তাছাড়া তাদের জন্য বিপুল অর্থ বিনিয়োগে বাংলাদেশ আর আগ্রহী নয়। এতে হিতে বিপরীত হতে পারে। রোহিঙ্গারা দলে দলে আবার বাংলাদেশে আসতে উৎসাহিত হতে পারে।