admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ
বগুড়ার প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫ জন। জানা যায় বগুড়ার একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে আদমদিঘী উপজেলার সান্তাহারের একটি কারখানায়। এতে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
পুড়ে যাওয়া কারখানাটির ভেতরে তল্লাসি চালিয়ে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গেছে, দুপুর ১২টার কিছুক্ষণ পর আগুনের সূত্রপাত হয়। তারপর কয়েক মিনিটের মাথায় সেটা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে দমকল কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে।