admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের অবস্থানের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির গ্রুপ এবং ছাত্রলীগের জেলা কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া একাংশ গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে৷ পরে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের মিছিল করার তথ্য পেয়ে তারা অবস্থান নেন বলে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা দাবি করেন। এসময় নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র লাঠি, রড দেখা যায়। তবে ছাত্রদলের পক্ষ থেকে কোন ধরনের মিছিল বা সমাবেশ হয়নি কলেজে। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘কলেজে ছাত্রদলের একটি কুচক্রী মহলের মিছিল করার তথ্যে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। এই অবস্থান নেওয়ায় তারা আর কলেজে প্রবেশ করে না। পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান বলেন, ‘ছাত্রদলের একটি মিছিলকে প্রতিহত করার জন্য তাদের এই অবস্থান।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ীর পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডল জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের মিছিল করার তথ্য পেয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় তাদের কর্মীদের নিয়ে কলেজে মিছিল করার প্রস্তুতি নেয়। এ সময় জেলা ছাত্রলীগের পদ বঞ্চিতরাও আজিজুল হক কলেজে মিছিল করতে চায়। উভয় পক্ষের মিছিল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষ একে অপরকে গালমন্দ করলেও মারামারি বা হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মীদের নিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে কলেজ ত্যাগ করে। তাদের কলেজ তাগের পর ছাত্রলীগের পদবঞ্চিতরাও কলেজে মিছিল ও সংক্ষিপ্ত সমাবে করে কলেজ ছেড়ে চলে যায়।