admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২০ ৭:৫১ অপরাহ্ণ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেইসঙ্গে মুসলমানদের ফরাসি পণ্য বর্জনের আহ্বানও জানান তিনি।
বাংলাদেশ ইমাম মোয়াজ্জিন ওলামা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে আজ শনিবার এসব কথা বলেন তিনি। বিক্ষোভ মিছিল উপলক্ষে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং ওলামা ও সাধারণ মুসল্লিরা টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
বঙ্গবীর কাদের সিদ্দিকী এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং নবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি ফ্রান্সের সব পণ্য বর্জন করতে মুসলমানদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান প্রবীণ এ রাজনীতিক।