admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র বাছাইয়ের দিন অসম্পূর্ণ মনোনয়ন পত্র দাখিল করায় উপজেলার দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিশকাত খান নামে চেয়ারম্যানে পদে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সব মনোনয়নই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসারগণ। আজ সোমবার উপজেলা রিটার্নিং অফিসারদের কার্যালয়ে এ বাছাই সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন অফিসার এ বি এম আজমল হোসেন জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ৩৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই করার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। তিনি হলেন উপজেলার দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিশকাত খান।
তিনি আরো জানান, চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারন সদস্য পদে ৩৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।