admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮। এ সময় গাঁজা ছাড়াও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার লাকসামের আউশপাড়া এলাকার হারুনুর রশিদ মজুমদারের ছেলে মো. ফয়সাল (৩২), একই এলাকার আব্দুল হাকিম মজুমদারের ছেলে মোশারফ মজুমদার (৪০) ও বরিশালের গৌরনদীর নলচিড়া এলাকার ইউনুস খলিফার ছেলে আলামিন খলিফা (৩২)।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি টিম তাদের আটক করে।আটক তিনজন পেশাদার মাদক বিক্রেতা। তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি করে আসছেন। শফিকুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটকদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।