admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক রফিকুল হক আর নেই। আজ রোববার, ১০ অক্টোবর, সকাল ১১টায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একাধারে জনপ্রিয় শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক ও নাট্যকার ছিলেন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ১৯৩৭ সালের ৮ জানুয়ারি রংপুরের কামালকাচনায় জন্মগ্রহণ করেন রফিকুল হক দাদু ভাই। তার ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে আমেরিকা প্রবাসী। তিনি শিশু-কিশোরদের সংগঠন ‘চাঁদের হাট’র প্রতিষ্ঠাতা ছিলেন।
এ ছাড়া তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের পাতা বের হতো। সেই থেকেই তিনি দাদু ভাই হিসেবে পরিচিতি। বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এর স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
অপরদিকে, তিনি দৈনিক যুগান্তরের ফিচার এডিটর পদে দায়িত্ব পালন করেন। দৈনিক রুপালী ও দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ছিলেন। এ ছাড়া দৈনিক লাল সবুজ, আজাদ, বাংলাদেশ অবজারভারে কাজ করেছেন। একই সঙ্গে শিশু-কিশোরদের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা কিশোর বাংলার সম্পাদকও ছিলেন তিনি।