admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ
প্রবাসীরা দেশে আড়াই মাসেই ৬০০ কোটি ডলার রেমিটেন্স। মহামারির এই সংকটের সময়ে প্রবাসীরা দেশে অর্থ পাঠানো কমিয়ে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই শঙ্কা দূর করে অন্যান্য বছরের তুলনায় এ বছর আরো বেশি করে রেমিটেন্স পাঠাচ্ছেন তারা। ছাড়িয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, করোনা মহামারির মধ্যেই নতুন অর্থবছরের আড়াই মাসে (জুলাই- ১৭ সেপ্টেম্বর) ৫৯৯ কোটি ৬৬ লাখ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৯ সালের একই সময়ের চেয়ে অন্তত দেড় গুণ বা ৫৯ শতাংশ বেশি। তার পরও ঈদুল আজহার পর রেমিটেন্স কমবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে রেমিটেন্সের হার বাড়ছেই। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রায় ১৪৩ কোটি ৪৪ লাখ (১.৪৩ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা ২০১৯ সালের পুরো সেপ্টেম্বর মাসের সমান, গত বছর প্রথম ১৭ দিনে রেমিটেন্স এসেছিল ৭৩ কোটি ৮৪ লাখ ডলার।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। যা মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। আর আগস্টে ঈদুল আজহার কারণে কিছুটা কম ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে। যদিও এ সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ৪৫৬ কোটি ৩৪ লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি। এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনার মধ্যেও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠানোতে আমরা সাহস পাচ্ছি। এই হার আরো বাড়বে। কারণ সরকার হুন্ডি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সরকার প্রণোদনার মাধ্যমে পাঠানোর খরচ দিয়ে দিচ্ছে এবং রেমিটেন্স পাঠাতে যে ফরম পূরণ করতে হয় তাও সহজ করা হয়েছে।