admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২০ ৬:১৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডা.জাফরুল্লাহ বলেছেন মধ্যবর্তী নির্বাচন দেওয়া ছাড়া আপনার আর কোনো পথ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আজ শুক্রবার তিনি এ কথা বলেন।
প্রবীণ এ চিকিৎসক বলেন, আজ রোগ, যৌন নিপীড়ন ও ধর্ষণে সারাদেশ ভয়ানকভাবে অসুস্থ। এই রোগের একমাত্র চিকিৎসা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। এ জন্য কমিশন করে সবার সঙ্গে কথা বলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো পথ নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য ও ঘৃণ্য অপরাধের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।ডা. জাফরুল্লাহ তার বক্তব্যে ইমামদের ভূমিকা তুলে ধরে বলেন, আমাদের আলেম সমাজ সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তারা মূল ইস্যু হিসেবে ‘মেয়েদের সমতার’ উল্লেখ করেছেন। দেশের অনাচারের বিষয়টি মসজিদে মসজিদে খুতবায় আপনাদের তুলে ধরতে হবে। তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা। ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন- বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এ বুদ্ধিজীবী বলেন, আমরা চাই, দেশে সবাই সুখে থাকুক। এ জন্য কমিশন গঠন করেন, সবার সঙ্গে কথা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আপনার কোনো পথ নাই মধ্যবর্তী নির্বাচন ছাড়া। ডা. জাফরুল্লাহ বলেন, শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোনো বিষয় একবার ভুলভাবে চলতে থাকলে সেটাকে সংশোধন করা খুব কঠিন কাজ।
উদাহরণ হিসেবে ১৯৭২ সালের কথা বলেন দেশের এ প্রবীণ নাগরিক। বলেন, ওই সময় পরীক্ষায় নকলের সমারোহ হয়েছিল, সেটা বন্ধ করতে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছে। তার উদাহরণ ধরেই আজ বলছি, সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফ। এ ছাড়া কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।