admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৮:৪৬ পূর্বাহ্ণ
প্রতিমন্ত্রী মুরাদ বলেছে সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম থাকতে পারে না। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় শনিবার বিকেলে এমন মন্তব্য করেন তিনি। সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতাবিরোধী, ধর্মের নামে যারা ব্যবসা ও রাজনীতি করে, আমার কথা তাদের গায়ে খুব লেগেছে।
আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায় এমন কোনো কথা আমি বলিনি। তিনি বলেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয়, বরং অসাম্প্রদায়িক রাষ্ট্র, আমি সেটা বলেছি। তাছাড়া আমাদের কোনো রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। আমি এটাই বলেছি। মুরাদ হাসান বলেন, আমি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কথা বলেছি। জিয়াউর রহমান ও এরশাদ বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন জিয়াউর রহমান। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে পারে না।
তিনি আরো বলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত করেছিল এরশাদ। আসলে রাষ্ট্র ধর্ম বলতে কিছু নেই। ধর্ম যার যার তার তার। এ নিয়ে উগ্র কিংবা ধর্মান্ধ হওয়ার কিছু নেই। সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউএনও, উপমা ফারিসা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।