admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে তাফসির আহমেদ মনা (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের তাইজুর রহমান তুহিনের ছেলে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে ইকবুলের দোকানে বসেছিলেন ছাত্রলীগ কর্মী মনা। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।