admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ
পাকিস্তান ইরান থেকে চালের বিনিময়ে আনবে এলপিজি। পাকিস্তানের চালের বিনিময়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করার একটি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে তেহরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্যবিষয়ক উপদেষ্টা আবদুল রাজাক দাউদ এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, নভেম্বরের শুরুতে তেহরানে দুই দেশের যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) বৈঠকে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সে অনুসারে বিনিময় ব্যবস্থার অধীনে পাকিস্তান থেকে চালের বিনিময়ে এলপিজি আমদানি করবে ইরান।
করাচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দাউদ বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিনিময় বাণিজ্য এক-দুই মাসের মধ্যে শুরু হবে। আমরা ইরানে চাল রপ্তানি করব এবং সেখান থেকে এলপিজি আমদানি করব। এটা সম্পূর্ণরূপে একটি বিনিময় চুক্তি। এ ব্যাপারে ইরান নীতিগতভাবে একমত হয়েছে। আমরা একটি সমঝোতা স্মারকে সই করেছি।
ইরানের সাথে বাণিজ্যে মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে এক প্রশ্নের জবাবে দাউদ বলেন, এটি উভয় পক্ষের বেসরকারি খাতের মধ্যে একটি চুক্তি। এ বিনিময় বাণিজ্যে ব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। এক্ষেত্রে উভয় পক্ষই ২০২৩ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।