admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে লোকসানের মুখে বন্ধ হয়ে থাকা সুগার মিলের প্রায় ১৫০ কেজি ওজনের ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটকরা হলেন- পঞ্চগড়ের পূর্ব শিকারপুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকারপুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইকচালক বলে জানা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলে ঢুকে চুরি শেষে দক্ষিণ সীমানা প্রাচীর দিয়ে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা।স্থানীয়রা বলছেন, সু কৌশলে তারা চুরি করে পালানোর সময় আটক হয়েছে।তবে সংরক্ষিত একটি এলাকা এটি। এখানে ভেতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না।
আমরা দাবি জানাচ্ছি জড়িতদের দ্রুত শনাক্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে তাদের আটক করে রাখা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের থানায় নিয়ে যায়। চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
উদ্ধার হওয়া ১৫০ কেজি ওজনের পিতলের পাইপগুলোর বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।স্থানীয় ব্যক্তি বুলেট ইসলাম মুক্ত কলমকে বলেন, মিলের পাশে আমার বাড়ি। রাতে আমি বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রুত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়।
পঞ্চগড় সুগার মিলের জুনিয়র অফিসার (ভাণ্ডার ও প্রশাসন) সন্তোষ কুমার দাস মুক্ত কলমকে বলেন, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এলে চোর দুটোকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) হ্যামলেট বর্মন মুক্ত কলমকে বলেন, চুরির মালামালসহ আটক দুই যুবককে থানায় নেওয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সব আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।