admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়: হাসিনার সরকার পতনের পর পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্রাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে পঞ্চগড় শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা নেতাকর্মীরা।
দলটির নেতাকর্মীরা মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা ও স্বেচ্ছাসেবীদের পোশাক গায় দিয়ে হাতে কাঠের লাঠি নিয়ে সড়কের মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পঞ্চগড় শহরের শেরে-বাংলা মোড়সহ শহরের সদর রোডে দায়িত্ব পালন করতে দেখা যায়। এসময় যানবাহনগুলো নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে চলাচল করতে দেখা গেছে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পঞ্চগড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়।পরে মঙ্গলবার সকাল থেকেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। খুলতে শুরু করে সব ধরনের দোকানপাট, অফিস-আদালতসহ ব্যাংক বীমা প্রতিষ্ঠান।
বুধবার সকাল থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ব্যস্ততম নগরীতে পরিণত হয় পঞ্চগড় জেলা শহরসহ জেলার হাট-বাজারগুলো। এদিকে, বুধবার দুপুরে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহরের সদর থানা চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
পরে তারা জেলা পরিষদ, শেরে বাংলা পার্ক এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি করেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই জানান, স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ে দেশবাসীর মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী লোক দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সাধারণ জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ধরে রাখতেই তাদের এই উদ্যোগ।
একই সঙ্গে তাদের দলের নেতাকর্মীরা দিন রাত ২৪ ঘণ্টা হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপাসনালয় পাহারা দিচ্ছেন।যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের কাজ-কর্ম থেকে শুরু করে ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন। আর ইসলাম মানুষকে এটিই শিক্ষা দেয়। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ বিভিন্ন সময়ে মুসলমানদেরকে অন্য ধর্মের মানুষের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। আর আজ তাই তাদের এই নির্মম পরিণতি হয়েছে। আমরা সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে চাই।