admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অস্ত্রধারী, ঘিরে রেখেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ঘিরে রেখেছেন। বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, এক ব্যক্তিকে অস্ত্র হাতে সদর দপ্তরের বাইরে দেখা যাওয়ার পর তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। পুলিশ সেখানে তাদের কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার ছবি প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা যায়, পুলিশ রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে ঘিরে রেখেছে। ওই ব্যক্তির হাতে অস্ত্রও রয়েছে। তবে জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই ব্যক্তি জাতিসংঘ সদর দপ্তরের সামনের প্রবেশপথে অবস্থান করে তার কাছে থাকা অস্ত্র দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ইতোমধ্যে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। টুইটারে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় সাধারণ জনগণকে ঢুকতে নিষেধ করা হচ্ছে, যাতে পুলিশ তাদের তদন্ত কার্যক্রম চালাতে পারে।
এমনকি জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তবে মার্কিন বার্তা সংস্থা এপি সবশেষ সংবাদে জানিয়েছে, এলাকাটি কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।