admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৪ পূর্বাহ্ণ
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় নিজের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা প্রক্রিয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিল পাসের পর টুইটারে মোদি বলেন, বিলটির বিভিন্ন দিক এত স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সম্মানিত সাংসদদের তোলা বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাবও দিয়েছেন তিনি। আমি আনন্দিত যে, এত উচ্চস্তরীয় আলোচনার পর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাব সেইসব দল ও সাংসদদের, যারা এই বিলটিকে সমর্থন করেছেন। বিলটি ভারতের প্রাচীন আস্থা এবং নীতিরই প্রতিফলন।’
নিম্নকক্ষে বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হয় কংগ্রেস। এটি ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় নিরপেক্ষতার অবমাননা বলে মন্তব্য করেছে দলটি।
ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস হয় বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে। বিলটির পক্ষে ভোট পড়ে ৩১১টি, বিপক্ষে ভোট দেন ৮০ জন। সোমবার সকাল থেকেই বিতর্কিত বিলটির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম ও ত্রিপুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।