admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর ধামইরহাটে অভিযান পরিচালনা করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।গ্রেপ্তার ওই দুইজন হলো, ধামইরহাট উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হাফিজুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মাসুদ রানা (২৭)।
বুধবার দুপুরের দিকে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ধামইরহাট উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় আটককৃতদের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ট্যাবলেট অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধামইরহাট থানার ওসি কাজী মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।