admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২১ ২:০২ অপরাহ্ণ
দেশে ঈদের দিনেও মৃতদেহ নিয়ে ছুটে চলেছে বিবেক। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে বাবা থাকছে না সন্তানের মৃতদেহের পাশে কিংবা সন্তান থাকছে না বাবার পাশে। সংবাদ মাধ্যমে অহরহই উঠে আসছে এসব খবর। এমন কঠিন পরিস্থিতিতে ভাইরাসটিতে আক্রান্ত মৃতদেহের দাফন-কাফন কিংবা সৎকারে এগিয়ে এসেছে বিবেক নামের একটি মানবিক সংগঠন। ঈদের দিন সবাই যখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, তখন বিবেকের কর্মীরা করোনায় আক্রান্ত মৃতদেহ নিয়ে ছুটে চলেছেন গোরস্থান থেকে গোরস্থানে। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা কাজ করেছেন।
মৃতদেহের গোসল, জানাজার নামাজ পড়া, দাফন- সবই করেছেন বিবেকের কর্মীরা। এভাবে গতকাল ২১ জুলাই ৯টি মৃতদেহ দাফন করেছেন তারা। বিবেক’ নামক মানবিক সংগঠনটি কাজ করে থাকে কুমিল্লায়। গত বছরের ১৮ মে এর আত্মপ্রকাশ। অতি আপনজনরাও যখন মৃতদেহের পাশে ঘেঁষছে না, তখন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ১১ জন যুবক করোনায় আক্রান্ত মৃতদেহ দাফন করা শুরু করলেন। এভাবে এখন পর্যন্ত প্রায় ৩ শত করোনায় আক্রান্ত মৃতদেহ দাফন করেছেন সংগঠনটির কর্মীরা।
বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, বিবেকের তাড়নায় সংগঠনটি প্রতিষ্ঠা করেছি, তাই নাম দিয়েছি ‘বিবেক’। করোনার শুরু থেকেই কাজটি করে আসছি আমরা। স্বেচ্ছাশ্রম তো বটেই, সম্পূর্ণ নিজেদের অর্থে সংগঠনটি পরিচালনা করে আসছি আমরা। ইউসুফ মোল্লা টিপু আরও বলেন, ঈদের দিনেও আমরা বসে থাকিনি, ৯টি মৃতদেহ দাফন করেছি। মৃতদেহেরও একটা সম্মান আছে, কবরস্থ করার মাধ্যমে আমরা সেই সম্মান রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। মানবতার কল্যাণে এটিকে অব্যাহত রাখতে চাই আমরা।