admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান নানা কারণে গোটা বিশ্বে আলোচিত একজন বিশ্ব নেতা। তিনিই মুসলিম বিশ্বের একমাত্র সরকার প্রধান, যিনি একাধারে প্রেসিডেন্ট ও পবিত্র কুরআনে হাফেজ। দেশটির পার্লামেন্টের মসজিদসহ বিভিন্ন মসজিদে নামাজের ইমামতি এবং অনুষ্ঠানে মাঝে মধ্যে কুরআন তেলাওয়াত করে থাকেন তিনি। এবার পরিচয় পাওয়া গেলো শিক্ষক এরদোয়ানের। নিজেই নাতিকে কুরআনের তালিম দিচ্ছেন এরদোয়ান। এমন একটি ছবি গতকাল শুক্রবার প্রকাশ করেছে তুর্কি প্রভাবশালী গণমাধ্যম ইয়েনি সাফাক। নতুন করে এরদোয়ানের ধর্মানুরাগ ও পরবর্তী প্রজন্মকে কুরআন চর্চায় উদ্বুদ্ধ করার এ খবর মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অবসরে নাতিকে নিজেই কুরআন শেখাচ্ছেন এরদোয়ান। ছবিটি এখন এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি বা একেপির নেতাকর্মী ও সমর্থকসহ অনেক তুকির ফেসবুক-টুইটারের ওয়ালে দেখা যাচ্ছে। ইয়েনি সাফাকের খবরে বলা হয়, গভীর রাতে কিংবা একেবারে ভোর- যখনই একটু অবসর হন প্রেসিডেন্ট এরদোয়ান, সে সময়টা পরিবারের সঙ্গে কাটান তিনি। এ সময়টাতে প্রায়ই নাতিকে কুরআন শেখাতে বসে যান হাফেজ এরদোয়ান।