admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকাঃ ঢাকার সাভারে ২ ঘন্টা হকার উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় হকাররা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যার পূর্ব থেকে রাত প্রায় সাড়ে ৬টা পর্যন্ত হকারদের অবরোধ চলে। জানা গেছে, সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মজাসড়কে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে সাভার মডেল থানা পুলিশ। উচ্ছেদের সময় হকারদের উপর লাঠিচার্জ ও তাদের মালামাল ফেলে দেয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শত শত হকার একত্রিত হয়ে বিকেল সাড়ে চারটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
অবরোধ চলাকালে মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে প্রায় কয়েক হাজার যানবাহন। চরম অসুবিধায় পড়েন সাধারণ যাত্রীরা। রোগীবাহী এম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে মহাসড়কে। সন্ধ্যা ৬টার দিকে সাভার হাইওয়ে পুলিশ, স্থানীয় হকার নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইল ৭ আসনের এমপি খান আহমেদ শুভ উপস্থিত ছিলেন।
পুলিশ ও নেতৃবৃন্দ হকারদের পুনর্বাসনের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে হকার্সলীগ নেতা আব্দুল কাদের মোল্লা বলেন, পুলিশ উচ্ছেদের নামে হকারদের উপর নির্যাতন করেছে। যার ফলে হকাররা ক্ষ্রীপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে। এ ব্যাপারে সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।