admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের প্যাডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।
গ্রেপ্তার বাবলি আক্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে বুধবার ভোরে গরু চুরি মামলার সংশ্লিষ্টতা থাকার কারনে তাকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়। এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলিকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে দায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি করা গরুগুলো বাবলী হেফাজতে রাখতেন সময় সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।