admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার, ঢাকা আশুলিয়া থেকেঃ সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার সুলতান মাহমুদের ছেলে বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাব্বিল আল আমিন সিফাত (২১) কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাঁশবাড়ি এলাকায় বেড়াতে যান।
এসময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আলমগীর, রিপন, বাসেদ, নজরুল ও রিপনসহ কয়েকজন তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চলছে তার চিকিৎসা।
মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতের বাবা সুলতান মাহমুদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তার ছেলেকে কুপিয়ে জখম করেছে। শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশুলিয়া থানা পুলিশ বলছে, এঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।