admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
ঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যাকারী হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশে ঢাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলায় অভিযুক্ত তরুণকে গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছে। অভিযুক্ত তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে অভিযুক্তের পক্ষ থেকে কারও মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের একজন ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মেয়েটি। বিষয়টি সে তার মাকে ফোন করে জানায়।
এর দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তরুণ ফোন করে ওই ছাত্রীর মা’কে জানায় যে, মেয়েটি তার বাসায় গিয়েছিল। আকস্মিকভাবে সে অচেতন হয়ে পড়ায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে মেয়েকে মৃত অবস্থায় পায়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে করা মামলায় এমন বর্ণনা তুলে ধরা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।
নিহতের মা বলেন, সে আমাকে ফোন করে ২০ মিনিটের কথা বলে কোচিংয়ে পেপার্স আনার কথা বলে বের হয়। এরপর তার সাথে ফোনে হয়তো যোগাযোগ হয়েছে, তারপর তাকে সেখান থেকে নিয়ে গেছে।
বাসায় কোন লোকজন ছিল না। বাসা খালি ছিল। ছেলে নিজেই জবানবন্দিতে বলেছে যে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তারা হয়তো জোরাজুরি করছিল। ও বাঁচতে চেয়েছিল। ওকে বাঁচতে দেয়া হয়নি। আমি এর বিচার চাই। খবর পেয়ে পুলিশ ওই বেসরকারি হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। হাসপাতাল থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।