admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশে ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় চাকরি হারিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ সদস্য। আজ রোববার এ তথ্য জানিয়েছেন, মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন। ডিএমপির বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা দেন যে, পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে। প্রমাণ পেলে চাকরিচ্যুতির হুঁশিয়ারিও দেন তিনি।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ পর্যন্ত যাদের ডোপ টেস্ট করা হয়েছে, তাদের মধ্যে ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ জন এসআই, ৫ জন এএসআই, ৫ জন নায়েক, ১ জন সার্জেন্ট এবং ৫০ জন কনস্টেবল রয়েছেন।জানা যায়, যাদের মাদক নেওয়ার প্রমাণ মিলেছে তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় ১৮ জনকে। ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই মামলা নিষ্পত্তি শেষে চাকরিচ্যুত করা হয় বলে জানান ওই সিনিয়র কর্মকর্তা।
অবশ্য শুধু মাদক সেবন নয়, মাদক দিয়ে ফাঁসানো, অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং সেইসঙ্গে উদ্ধার হওয়া মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে। এ বিষয়ে উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।