admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনকে কবর দেয়ার সময় এসেছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এটিকে কবর দেয়ার সময় এসেছে। আজ শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না, এটি দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে না বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।
এ আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। সেইসঙ্গে জনসম্মুখে এসে তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। আপনি বলুন, এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। জাতীয় কাউন্সিল উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। প্রসঙ্গত, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদ গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনিসহ আরো তিন জনকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করে র্যাব।