admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২০ ৭:৪২ পূর্বাহ্ণ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র আজ কবরে শায়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় তাকে কবর থেকে তুলতে হবে। প্রয়োজনে সবাইকে রাস্তায় নামতে হবে। আর তা যদি না পারি তাহলে মনে রাখতে হবে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। গত ১৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন- দুর্ভাগ্য এই যে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুদের চেনেন না। তার আশপাশে চাটুকারে ভরে গেছে। যার কারণে দেশের মানুষের প্রকৃত অবস্থা তিনি জানেন না। আমি বলতে চাই, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার প্রকৃত বন্ধু সাংবাদিকরা। তাদেরকে কথা বলতে দিন, আপনার গোয়েন্দা বাহিনীর চেয়ে ভালো তথ্য দেবে সাংবাদিকরা।
সাংবাদিক রুহুল আমীন গাজী মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত এই সভায় যোগ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, চলমান রাজনৈতিক বদ্ধ অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি রাস্তায় না নেমে খালেদা জিয়ার সাথে অন্যায় করেছে। এ দেশে ইয়াবা ব্যবসায়ীরাও সহজেই জামিন পায়, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দিতে নানা কাহিনীর অবতারণা করতে হয়েছে।