admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন জাতিকে ধ্বংসের লক্ষ্যেই অটো পাস। জাতিকে ধ্বংস করে দেয়ার উদ্দেশ্যে এই সরকার করোনার অজুহাত দিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ‘অটো পাসের’ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাভাবিক নিয়মে গার্মেন্টস, অফিস-আদালত সবই চলছে। দেখে বোঝার কোনো উপায় নেই যে, সেখানে করোনার প্রভাব আছে। এক্ষেত্রে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। এটা জাতিকে ধ্বংস করার একটা অজুহাত মাত্র।
এই সরকার ‘অটো পাসের’ সরকার মন্তব্য করে তিনি বলেন, আমরা একটা কল্যাণকর বাংলাদেশ চাই। যেখানে পরীক্ষা দিয়েই সবকিছুতে উত্তীর্ণ হতে হবে। আগের দিনের রাজনৈতিক কর্মীরা বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে ধাপে ধাপে উপরের দিকে আসতেন। কিন্তু এখন সেটি নেই। ইচ্ছামতো বিভিন্ন পদে বসিয়ে দেয়া হচ্ছে। এসবের পরিবর্তন করতে হবে। নয়তো কিছুই হবে না।
আজকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকলে মাথা উঁচু করে বলতে পারতাম, আগামী ১৫ দিনের মধ্যে ওষুধের মূল্য থেকে শুরু করে স্বাস্থ্য খাতের সকল খরচ অর্ধেক হয়ে যাবে। সৎ ইচ্ছা থাকলে এটা করা সম্ভব। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা ডাকাতি করছেন, যোগ করেন দেশীয় এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন- নাগরিক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.এহছানুল হক মিলন, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।