admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে পাউবোর বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বৈশ্বিক উষ্ণতা কমাতে, প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও নির্মল করতে এবং বিশ্বায়নের ফলে ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে বাঁচাতে এবং সর্বোপরি বাংলাদেশের পরিবেশের সার্বিক উন্নয়নে ঠাকুরগাঁওয়ে পাউবোর বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বুধবার বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ কর্মসুচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মুখলেসুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী ভানু সিংহ দাস, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারি ও সাংবাদিকরা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসময় টাঙ্গন ব্যারেজ এলাকায় কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মুখলেসুর রহমান ও পাউবো’র ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম পৃথকভাবে জানান, পরিবেশের সার্বিক উন্নয়নে ও ভারসাম্য রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওসহ সারাদেশের বিভিন্ন প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এই কর্মসূচি চলমান থাকবে। পরিবেশের সুরক্ষায় ভবিষ্যতে এই উদ্যোগ যেনো বিশেষ ভুমিকা রাখতে পারে সেই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হলো।
আশা করি এই বৃক্ষ রোপণ কর্মসূচি নির্মল ও সুন্দর প্রকৃতি তৈরীতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন পাউবো’র এই দুই কর্মকর্তা। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরিবেশের উন্নয়নে ও সুরক্ষায় বিভিন্ন প্রকল্প এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে পাউবো, ঠাকুরগাঁও সূত্র জানিয়েছে।