admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশে আলু উৎপাদনে ঠাকুরগাঁওয়ের অবস্থান দ্বিতীয়। স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জেলাতেও সরবরাহ করা হয় এখানকার আলু। কিন্তু এবার আগাম আলুর চাষ করে দাম না পেয়ে লোকসানে পড়েছেন কৃষকরা। পাইকারি দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে গেনেলা ৯ টাকা দরে। তবুও ক্রেতা পাচ্ছেন না তারা।
রাজধানীসহ দেশের অন্য জেলার চাহিদার উপর ভিত্তি করে ঠাকুরগাঁওয়ে গেনেলা সাদা জাতের আলুর আবাদ বেশি হয়। এ ছাড়াও রোমনা জাতের লাল আলুও বাজারে উঠেছে। স্থানীয় বাজারে চাহিদা ও স্বল্প উৎপাদনের কারণে রোমনা আলু উঠে বাজারে। এদিকে সাদা আলুর স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় তা জেলার বাহিরে পাঠানো হয়। তবে এ বছর সেই আলুর কেজি ৯ টাকা। বাজারেও নেই ক্রেতা। জানা গেছে, গত বছর এই সময় আলু বাজার ছিল ১৪ থেকে ১৫টাকা। তবে এবারে সেই আলু কেজিতে বিক্রি হচ্ছে ৯ টাকা। উৎপাদন খরচ তো দূরের কথা বরং আলু বাজারজাতের খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, গত বছর জেলার ৫টি উপজেলায় ২৬ হাজার ৫৩০ হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে। জেলায় এবার আনুমানিক ২৩ হাজার ৪৯০ হেক্টর জমিতে আগাম আলু চাষ করা হয়ছে এখন পর্যন্ত ১ হাজার ২৫০ হেক্টর জমির আলু কর্তন করা হয়েছে। এতে উৎপাদন ধরা হয়েছে ২২ হাজার ৪৫৬ মেট্রিক টন। হিসেব করলে দেখা যায় প্রতি বিঘায় আলু উৎপাদন হয়েছে গড়ে ৪১-৪৫ মণ।
যা গতবারের তুলনায় সমান বলা চলে।জানা যায় যে, বর্তমান বাজার দরে চাষীরা প্রতি বিঘায় আলুর দাম পাচ্ছেন ১৭-২০হাজার টাকা। ঠাকুরগাঁওয়ে, গ্যানুলা, ডায়মন্ড, রোমানা, স্টীকসহ আরও বেশ কয়েকটি জাতের আলু চাষ করে থাকেন চাষীরা। গত বছরের কিছু আলু মজুদ থাকায় এবার দাম কম। পুরোনো আলু শেষে হলেই নতুন আলুর দাম কিছুটা বাড়তে পারে।
আলুর বর্তমান বাজার দর নিয়ে কথা হয় সদর উপজেলার ভেলাজানের কৃষক রহমান ইসলামের সঙ্গে। তিনি বলেন, এই সময় গত বছর আলুর দাম বেশি ছিল। সে কারণে ভালো লাভ হয়েছে। এবার লাভ বা আসলতো দূরে থাক আলু উঠাতেই ভয় করছে। এবার অনেক বড় ধরনের লোকসানে পড়তে হলো।
আকচা এলাকার আলু চাষি রতন পাল বলেন, এখন ৯টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। এরপরও ক্রেতা নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।সদর উপজেলার চিলারং ইউনিয়নের বালা পাড়া গ্রামের কৃষক আবুল কাদের বলেন, এবারের আলুর যা দাম তা হিসেব করলে দেখা যায় বিঘায় আমাদের আলু উৎপাদন করতে খরচ হয় ২২-২৪ হাজার টাকা। কিন্তু আমরা আলুর দাম পাচ্ছি গড়ে ১৭-২০হাজার টাকা। কিভাবে আমি সংসার চালাবো তা বুঝতে পারছিনা।