admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী মাহাত বস্তি গ্রামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের মনির উদ্দিনের পুত্র মামুন (২৪) এর সাথে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত তোজাম্মেল হকের কন্যা তাজমীন আক্তার বিথির সাথে পারিবারিকভাবে দুই মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর থেকেই মামুনের পরিবারের সাথে সাংসারিক তুচ্ছ বিষয় নিয়ে কলহ লেগেই থাকতো নববধু বিথির। গত ১আগস্ট সোমবার দুপুরে মামুনের বাড়ীর শয়নঘরের বাশের সাথে উড়না পেঁচানো অবস্থায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ বিথির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্বজনদের দাবি তাজমিন আক্তার বিথিকে মারপিট ও নির্যাতন করে মারা হয়েছে। আমজানখোর ইউপি চেয়ারম্যান মোঃ আকালু ডংগা জানান, আমি এসে ঝুলন্ত লাশ দেখতে পাই এবং পুলিশকে সংবাদ জানাই। বালিয়াডাঙ্গী থানা অফিসার ইন-চার্জ খায়রুল আনাম জানান, এব্যপারে থানায় একটি ইউডি মামলা করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।