মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে মাহমুদুল কাদির (৩৪) ও তার স্ত্রীকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মা কামরুন নাহার.
এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামি করা হয়েছে ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির এবং তাঁর স্ত্রীকে। ভুক্তভোগী মায়ের অভিযোগ, বৃদ্ধ বয়সে তিনি শারীরিক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণ ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহন করেন না।
এজাহারে সেই ভুক্তভোগী মা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে ছেলে ও পুত্রবধূ প্রায়ই তাকে গালিগালাজ ও মারধর করতেন। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এমনকি এর আগে দুইবার তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে গেলে আসামিরা তাকে বাড়িতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজের পাশাপাশি কাপড়-চোপড় ও আসবাবপত্র বের করে দেওয়ার কথা বলা হয়। এসময় ওই ভুক্তভোগী মা প্রতিবাদ করলে আসামিরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ১ নম্বর আসামি তাঁর ছেলে মাহমুদুল কাদির দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। পরে একটি বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে কানের কাছে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।
মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেই ভুক্তভোগী মাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মা কামরুন নাহার বাদী হয়ে তাঁর ছেলে ও পুত্রবধূর নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ছেলেকে গত বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়। শুক্রবার(২১ আগস্ট) দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।