admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও শহরের পুরাতন টাঙ্গন ব্রিজ হতে আড়ৎ পর্যন্ত কলেজ রোডের নির্মাণ কাজে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। যেনতেন ভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এ কাজ করা হচ্ছে। স্থানীয়রা জানান, পুরাতন টাঙ্গন ব্রিজ হতে আড়ৎ পর্যন্ত কলেজ রোডের মেরামতের কাজ করছে দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড। এই কাজ দেখভালের দায়িত্বে আছেন সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী কাউছার আহম্মেদ, কিন্তু তিনি দেখে না দেখার ভান করছেন এমনটাই দাবি স্থানীয়দের।
সরেজমিনে সড়ক বিভাগের কোন প্রকৌশলীকেই পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কাজের বিষয় সম্পর্কে আমার জানা নেই।
কলেজ পাড়ার স্থানীয় বাসিন্দা বুলেট বলেন সড়কের যে কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্মমানের। এত নিম্নমানের কাজ এর আগে কখনো দেখেনি। যেভাবে মেরামতের কাজ করা হচ্ছে কয়েকদিন পরেই তা নষ্ট হয়ে যাবে। একই কথা জানান শাহিন বেলালসহ অনেকে। রাস্তা মেরামতের কাজে নিম্নমানের বিটুমিন, ধুলোমাটির উপরে রোলার ছাড়াই কার্পেটিং এর কাজ করা হচ্ছে।
তারা আরও জানায় যে ভাবে কাজ হচ্ছে তা এখনই ভেঙে যাচ্ছে। এতে সরকারের টাকা পুরোপুরি গচ্ছা যাচ্ছে। ঠিকাদারের লোকজনকে নিয়ম মেনে কাজ করার অনুরোধ করা হলেও তারা তা শোনেননি। বরং প্রতিবাদ করায় ভয়ভীতি দেখানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলেন, কাউছার আহম্মেদ টাকা পেলেই চুপচাপ থেকে যান। কাজের মান নিয়ে তাতে যায় আসে না।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটর শুভ বলেন, সেখানে আমাদের লোক আছে তাদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, এরপরই তিনি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী কায়ছার আহম্মেদের কাছে কাজের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি তথ্য না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে উঠেন। এবং চেয়ার ঘুরিয়ে মুখ ফিরিয়ে নেন। এ ব্যাপারে ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ মুঠোফোনে বলেন আমি হাসপাতালে আছি। পরে কথা বলা যাবে।