admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২১ ৬:২১ পূর্বাহ্ণ
জামে মসজিদের ভেতরে কেন্দ্র স্থাপন করে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ! চলমান ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনে একটি জামে মসজিদের ভেতরে কেন্দ্র স্থাপন করে ভোট নিয়েছে নির্বাচন কমিশন, ইসি। আজ রোববার নরসিংদী সদরের হাজিপুর ইউনিয়নে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা জানান, ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফোরকানিয়া মাদরাসা সংলগ্ন জামে মসজিদে দুটি বুথ তৈরি করে ভোটগ্রহণ করা হয়।
সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে ভোট নেয়া হয়েছে। এ নিয়ে অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, মাদরাসাটিকে ভোটকেন্দ্র করা হয়েছিল, স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বারান্দায় বুথ তৈরি করে ভোট নিয়েছেন সেখানকার প্রিসাইডিং অফিসার। বিষয়টি তিনি শুনেছেন।
তবে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। মসজিদে ভোটকেন্দ্র করার বিষয়ে জানতে চাইলে কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, ব্যস্ত আছেন, পরে কথা হবে বলে ফোন রেখে দেন।
পরে একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, মসজিদ-মন্দিরে ভোটকেন্দ্র হতে পারে না। নির্বাচনী ব্যবস্থায় এমনটি করার কোনো সুযোগ নেই। হাজিপুর ইউনিয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, অভিযোগও আসেনি।