admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
জাপান ৬ লাখ ব্যারেল অশোধিত তেল বিক্রি করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটির শিবুশি জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভ টার্মিনাল থেকে প্রায় ১ লাখ কিলোলিটার বা ৬ লাখ ২৯ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করতে চায়। টেন্ডারের মাধ্যমে এসব তেল বিক্রি করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে তেলের দাম স্থিতিশীল করার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে দেশটি। কাগোশিমা প্রিফেকচারের শিবুশি টার্মিনাল থেকে ৯ ফেব্রুয়ারি পরিচালিত বিক্রয় টেন্ডারটি আগামী ২০ মার্চ থেকে ৩০ জুনের মধ্যে একটি চালান বিতরণের জন্য নির্ধারিত হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জারি করা একটি টেন্ডার বিজ্ঞপ্তি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।
জাপান ২০২২ সালের মার্চের শেষ নাগাদ জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আরও অপরিশোধিত তেল বিক্রি করার পরিকল্পনা করছে। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) একজন কর্মকর্তা ২৮ ডিসেম্বর বলেছেন, সঠিক বিক্রয় পরিমাণ সম্পর্কে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। গত ২৪ নভেম্বর চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেছিলেন, দেশের পেট্রোলিয়াম মজুদ আইন লঙ্ঘন না করে জাপানের জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভের অশোধিত তেলের পরিকল্পিত বিক্রয়কে জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভে প্রতিস্থাপনের জন্য অগ্রসর করা হবে।
এমইটিআই মন্ত্রী কোইচি হাগিউদা একই দিন বলেছিলেন, জাপানের জাতীয় তেলের রিজার্ভের পরিকল্পিত বিক্রয় প্রায় দুই লাখ কিলোলিটার হবে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভের স্টকে মাঝারি এবং ভারী অপরিশোধিত তেলের পরিবর্তে হালকা (লাইটার) গ্রেডের তেল জমা করছে। যাতে লাইটার তেল পণ্যের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা প্রতিফলিত হয়। এর আগে ২৩ নভেম্বর হোয়াইট হাউস ঘোষণা দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল ছাড়বে। এরপর জাপানি ঘোষণা আসে, উচ্চ জ্বালানি মূল্যের লাগাম টেনে ধরার জন্য অন্যান্য প্রধান তেল-ভোক্তা দেশগুলোর সাথে একীভূত করার প্রচেষ্টা করা হবে।
চলতি বছরের অক্টোবরের শেষে জাপানের মোট ৪৯০.৪ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম মজুদ ছিল, যা ২৪৪ দিনের অভ্যন্তরীণ ব্যবহারের সমান। এর মধ্যে রয়েছে জাতীয় পেট্রোলিয়াম রিজার্ভ, বেসরকারি খাতের তেলের মজুদ এবং সৌদি আরব ও আবুধাবির সাথে একটি যৌথ অপরিশোধিত তেল সঞ্চয় প্রকল্প। জাপানের জাতীয় তেলের রিজার্ভে অপরিশোধিত তেলের মজুদ মোট ২৮৫.৯ মিলিয়ন ব্যারেল। আর জাতীয় তেল পণ্যেও মজুদ আরও ৮.৯৯ মিলিয়ন ব্যারেল। জাপানের ব্যক্তিগতভাবে অপরিশোধিত মজুদ মোট ৭৫.৯ মিলিয়ন ব্যারেল ও তেল পণ্যের মজুদ ১০৮.৮ মিলিয়ন ব্যারেল, যেখানে মাত্র ১০.৮ মিলিয়ন ব্যারেল তেল সৌদি আরব এবং আরব আমিরাতের।