admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ৯:১৮ পূর্বাহ্ণ
জর্ডানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশে দেশটির দূতাবাস নেই, ঢাকায় জর্ডানের দূতাবাস খোলার অনুরোধ। মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ জর্ডানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশে দেশটির দূতাবাস নেই। নারী কর্মীসহ জনশক্তি রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে ঢাকায় পূর্ণাঙ্গ মিশন বা দূতাবাস খোলার অনুরোধ জানানো হয়েছে। জর্ডান পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ গত বৃহস্পতিবার নবনিযুক্ত জর্ডানি পররাষ্ট্র সচিব ড. ইউসেফ বাতাইনের সঙ্গে বৈঠক করেন আম্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। এ সময় দু’দেশের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করতে দূতাবাস খোলার আহ্বান জানান তিনি।
এ সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সম-সাময়িক নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে ঝুলে থাকা দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) দ্রুত অনুষ্ঠানের ওপর জোর দেন রাষ্ট্রদূত। করোনাকালে প্রয়োজনে সেটি ভার্চ্যুয়ালিও হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের শুরুতে এফওসি আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে আম্মান। দেশটিতে থাকা নারীসহ বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বৈঠকে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন উভয় কূটনীতিক।