admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ
চীনে জিয়ানে ফিরল লকডাউন, বন্দি ১ কোটি ৩০ লাখ মানুষ। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের উহান প্রদেশের সংক্রমণ নিয়ন্ত্রণে সফল হওয়ায় সব ধরনের বিধিনিষেধ তুলে দেয় কর্তৃপক্ষ। এবার নতুন করে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির জিয়ানে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এর ফলে সেখানকার ১ কোটি ৩০ লাখ বাসিন্দা কার্যত বন্দি হয়ে পড়েছেন। সরকারি বিধিনিষেধের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিয়ানে গত ৬ দিন ধরে সংক্রমণ বেড়েই চলেছে।
সে কারণে সংক্রমণের বিস্তার ঠেকাতে শহরটি থেকে কারো বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি শহরের মধ্যেও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণ অন্য দেশগুলোর চেয়ে কম হলেও গত ৯ ডিসেম্বর থেকে ২ শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে চীনে। তাদের মধ্যে কেউ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত নন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে জিয়ান থেকে জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে করোনা পরীক্ষা এবং তাতে নেগেটিভ আসা বধ্যতামূলকভাবে করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ প্রয়োজনে চলাচলের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। শহরটির দূর পাল্লার বাস ট্যাক্সি ও গাড়ি ভাড়ার পরিষেবা বন্ধ রয়েছে, বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচলও। এ ছাড়া বৃহস্পতিবার থেকে প্রতি পরিবারের একজন বাজার করতে বাইরে বের হতে পারবেন। পুরো বিষয়টি দেখভাল করার জন্য শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে শহরটির প্রধান সড়কগুলো একেবারে ফাঁকা হয়ে পড়েছে। জিয়ান শহরে দুই বার করোনার গণপরীক্ষা চালিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি শহরটি থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে দেশটির সিচুয়ান প্রদেশ ও চংকিং কর্তৃৃপক্ষ।