admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রকে রুখতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পক্ষ থেকে সামরিক হুমকি অনেক বেড়ে গেছে। এই হুমকি মোকাবেলায় নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীন ও রাশিয়া। এ লক্ষ্যে দুই দেশ একটি রোডম্যাপ সই করেছে। চীন ও রুশ গণমাধ্যম সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্তেই সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে সামরিক খাতে সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে একটি রোডম্যাপ সই করেছে রাশিয়া ও চীন।
এর মাধ্যমে বর্তমান বিশ্বের অন্যতম দুই প্রভাবশালী দেশের সামরিক সম্পর্ক আরো জোরদার হবে এবং তা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং একটি বৈঠক করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে সামরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা ব্যক্ত করেন দুই মন্ত্রী।
একই সঙ্গে কৌশলগত সামরিক মহড়া ও দুই পক্ষের মধ্যে যৌথ টহল বাড়ানোর ব্যাপারেও সম্মত হন তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, চীনের সঙ্গে ৫ বছর মেয়াদি একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। অবশ্য চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোনো দেশ। রাশিয়া ও চীন অনেক আগে থেকেই জাপান সাগর এবং পূর্ব চীন সাগরসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নৌ টহল পরিচালনা করে আসছে। নতুন চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরো জোরদার হবে।