admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে আটক বেলাল উদ্দিনস্বর্ণ! শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবর ছিল, তার কাছে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে। সে অনুযায়ী, আটক করার পর তার শরীরে পাওয়া গেল ৮০টি স্বর্ণের বার। এই নিরাপত্তা প্রহরীর নাম বেলাল উদ্দিন। তার কাছে যে পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে, বাংলাদেশি অর্থে তার দাম আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা।
আজ ৯ অক্টোবর শনিবার নিরাপত্তা প্রহরী বেলাল উদ্দিনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম বিমানবন্দর শাখা। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত হয় একটি গোয়েন্দা দল। এরপর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বেলাল উদ্দিনের শরীরে তল্লাসি চালিয়ে এসব স্বর্ণ বের করে আনা হয়।
সুলতান মাহমুদ বলেন, বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে, স্বর্ণগুলো নাকি টয়লেটে পেয়েছেন। আমরা তদন্ত করে দেখছি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কোন ফ্লাইটের মাধ্যমে স্বর্ণগুলো দেশে এসেছে, সেটা জানতে পারলেই বাকি তথ্য বেরিয়ে আসবে। আশাকরি, দ্রুতই এ ব্যাপারে পরিষ্কার তথ্য জানাতে পারবো।