admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামে করোনার সংক্রমণ এখন আর শুধু শহরকেন্দ্রিক নয় গ্রামেও রেকর্ড সংক্রমণ দেখলো। প্রাণঘাতী করোনার সংক্রমণ এখন আর শুধু শহরকেন্দ্রিক নয়, এটা ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। রাজধানী ঢাকা ছাড়াও দেশের অনেক অঞ্চলকে হটস্পট ঘোষণা করা হয়েছে। জেলা শহরগুলোতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্তের সংখ্যা আগের সকল রেকর্ড ভঙ্গ করেছে, আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে ১ হাজার ৩ জনকে। আজ বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সেখানে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া ১ হাজার ৩ জনের এই সংখ্যা এখন পর্যন্ত চট্টগ্রামের জন্য সর্বোচ্চ রেকর্ড। এর আগে গতকাল ১৩ জুলাই ৯৫৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, সর্বোচ্চ শনাক্তের পাশাপাশি চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৪ জন শহরের বাসিন্দা এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০০ জন। এর মধ্যে শহরের ৫০৮ এবং বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৯২ জন।
এদিকে পুরো দেশের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য তুলে ধরে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৮৪২। একই সময়ে ১২ হাজার ১৯৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫।