admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২০ ৬:১১ অপরাহ্ণ
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন বাজার নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। দ্রব্যমূল্যের উচ্চদামে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। কাঁচাবাজারে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। যে আলু নিত্য প্রয়োজনীয় এবং তুলনামূলক কম দামি, সেটাও গত কয়েকদিন ধরে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এমন পরিস্থিতিতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু দেখা গেলো, বাস্তবে সব জায়গায় আগের দামেই বিক্রি হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব খাদ্য দিবস-২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সরকারের বেধে দেওয়া ৩০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে না বলে তিনিও স্বীকার করেন। কৃষিমন্ত্রী বলেন, আসলে বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন, প্রায় অসম্ভব।
তিনি আরও বলেন, আলুর দাম নিয়ন্ত্রণের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু বাস্তবে খুব একটা সুফল বয়ে আনতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন বাজারে গেলে ওই মুহূর্তে কিছুটা কাজ হয়, তারপর আবার আগের জায়গায় ফিরে যায় ব্যবসায়ীরা। আসলে মানুষের চাহিদা আর তাদের কারসাজির কারণে এটা বাস্তবায়ন করা খুব কঠিন।
কিছুদিন আগে সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছিল (কেজিপ্রতি) খুচরা পর্যায়ে ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকা। বলা হয়েছিল, এই নির্দেশনা না মানলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর কিছুই সম্ভব হয়নি। উল্টো কৃষিমন্ত্রী আজ বিষয়টাকে ‘অসম্ভব’ বলে অভিহিত করলেন এবং জানালেন, ব্যবসায়ীরা প্রতি কেজি আলুতে অন্তত ২০ টাকা লাভ করেছ।