admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ
কুমিল্লায় কার্যালয়ে ঢুকে নির্বিচার গুলি করে কাউন্সিলরসহ নিহত ২জন। কাউন্সিলরের কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই কাউন্সিলর ও তার সহযোগী নিহত হয়েছেন। সোমবার, ২২ নভেম্বর, কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কাউন্সিলরের হলেন মো. সোহেল (৫২)। তার সহযোগীর নাম হরিপদ (৩৫)। জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের পাথরিয়াপাড়ার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালালে তারা নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো চার জন হাসপাতালে চিকিৎসাধীন।

দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মহিউদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি নগরের সুজানগর এলাকায়। কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন সোহেল। এ ছাড়া তিনি দুইবার অর্থাৎ ২০১২ ও ২০১৭ সালে কাউন্সিলর পদে নির্বাচিত হন।
পুলিশ জানায়, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে কাউন্সিলর মো. সোহেল কুমিল্লা নগরের পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজের কাউন্সিলর কার্যালয়ে বসে ছিলেন। এ সময় কালো মুখোশধারী একদল দুর্বৃত্ত তার কার্যালয়ে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এতে সোহেলের মাথায় দুটি, বুকে দুটি এবং পেট ও শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি লাগে। এ সময় গুলিবিদ্ধ হন আরো অন্তত ৫ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহেল ও হরিপদ মারা যান। গুলিবিদ্ধ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার, এসপি, ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর সোহেলের মারা যাওয়ার খবর শুনেছি। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। হতাহতের বিষয়ে হাসপাতালে যোগাযোগ করতে পারেন। এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত জানান, কাউন্সিলর সোহেলের শরীরে অন্তত ১০টি গুলি লেগেছে। নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন সোহেল। নৃশংস এই হত্যার বিচার চাই আমরা।