admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
কানাডায় শত বছরের রেকর্ড ভঙ্গ, প্রবাসীদের জন্য সুখবর! উন্নত দেশ হিসেবে কানাডায় বিপুল সংখ্যক অভিবাসী অস্থায়ীভাবে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। তাদের মধ্য থেকে চলতি বছর ৪ লাখ ১ হাজার ব্যক্তিকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার এই সুবিধা দেয়ার তথ্য জানিয়েছেন কানাডীয় অভিবাসনমন্ত্রী সিন ফ্রাসার। এক বিবৃতিতে তিনি জানান, স্থায়ী বসবাসের সুযোগ পাওয়াদের মধ্যে বড় অংশ হচ্ছে অস্থায়ীভাবে বসবাস করা অভিবাসী।
গত ১০০ বছরে এক বছরে এত সংখ্যক অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হয়নি। গত বছর নেয়া উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবার। রয়টার্স জানায়, কানাডায় এ বছরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ১ হাজার থাকলেও আগামী বছর সংখ্যাটা আরো বেশি হবে, ৪ লাখ ১১ হাজার। দেশটির অর্থনীতির চালিকা শক্তি এবং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অভিবাসীরা মুখ্য ভূমিকা রাখে। তবে করোনা মহামারির কারণে ২০২০ সালে স্থায়ী অভিবাসন সুবিধা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার করা হয়েছিল। ২০১৫ সালে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অভিবাসন সুবিধা ধাপে ধাপে বাড়ানো হয়।
প্রতিবছর দেশটির মোট নাগরিকের ১ শতাংশকে অভিবাসন সুবিধা দেয়ার নীতি নেয়া হয়েছে। ৩ কোটি ৮ লাখ জনসংখ্যার দেশে সে অনুযায়ী বছরে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী নেয়ার কথা। নতুন ঘোষণায় সংখ্যাটি বাড়ানো হয়েছে। গতকাল কানাডার সরকারের প্রকাশ করা বেশ কিছু তথ্যে দেখা গেছে, মহামারির মধ্যেই গত ৬ মাসে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। করোনাকালের আগের অবস্থার কাছাকাছি পৌঁছেছে দেশটি।