admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মে, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে আর্মি ফার্মা লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয়ে আর্মি ফার্মা লিমিটেড-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর আর্মি ফার্মা। এটি সম্পাদিত হচ্ছে ইউরোপের অ্যালোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেটের তত্ত্বাবধানে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শত বিঘা জমির ওপর গড়ে তোলা প্রতিষ্ঠানটিতে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, অয়েন্টমেন্ট, এন্টিবায়োটিক, সাপোজিটরি ও ইনহেলার উৎপাদন করা হবে। এ ছাড়া ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল, অ্যাগ্রোভেট প্রোডাক্ট এবং মেডিক্যাল ডিভাইস উৎপাদনের সুবিধা থাকছে। দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে এরইমধ্যে প্রডাক্ট ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এটিকে ‘স্বপ্নের প্রকল্প’ আখ্যায়িত করে উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন, এখানে উৎপাদিত ওষুধ অবসরপ্রাপ্ত সেনাসহ নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং সহজপ্রাপ্য করার আহ্বান জানাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরে আর্মি ফার্মার ‘ঐতিহাসিক’ যাত্রা নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নির্দেশনায় আগামীতে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সেনাবাহিনী ও আর্মি ফার্মা। দ্রুত সময়ে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে এটি।