admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
ফিলিস্তিনের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ‘গুলি বিনিময়ের’ ঘটনায় ইসরায়েলি সেনারা ওই ব্যক্তিকে হত্যা করে। হামাস এবং ইসলামিক জিহাদ উভয়ই ওই ব্যক্তিকে তাদের সদস্য বলে দাবি করেছে। খবর রয়টার্স। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিনি গ্রাম তুবাসে অভিযানের সময় একটি বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করার পর সৈন্যরা পাল্টা গুলি করায় ওই ব্যক্তি নিহত হন।
তবে ফিলিস্তিনিদের হতাহতের খবর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তুবাসে নিহত ফিলিস্তিনি ২৬ বছর বয়সী সাদ্দাম হোসেন বানি ওদেহ। তাকে ইহুদি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তিকে শহিদ বীর হিসেবে আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছে তারা। ইসলামিক জিহাদও একই ধরনের বিবৃতি দিয়েছে।
সন্দেহভাজন সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের আটক করতে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায়ই পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম ও শহরে অভিযান চালায়। এ অঞ্চলটি ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল করেছিল ইসরায়েল। ২০১৪ সালে হামাস এবং ইসলামিক জিহাদের বিরোধিতায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা ভেঙ্গে যায়।
ইসরায়েলের ক্ষমতায় যে সরকারই আসুক না কেন, দেশটি প্রতিনিয়ত ফিলিস্তিনি নাগরিকদের হত্যা, জমি দখল, নির্যাতন চালিয়ে আসছে। চলতি বছরের মে মাসে ১১ দিনের যুদ্ধে ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। ওই যুদ্ধে হামাস প্রায় সাড়ে তিন হাজার রকেট ছুড়েছিল ইসরায়েলকে লক্ষ্য করে, যদিও ইসরায়েল অধিকাংশ রকেট ঠেকিয়ে দিয়েছিল তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে।