admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২০ ৪:৩৮ পূর্বাহ্ণ
ইতালির মিলান শহরে চালক ছাড়াই ৭ কি.মি ছুটে গেল ট্রেন! গণপরিবহন হিসেবে ট্রেনের ব্যবহারের জুড়ি মেলা ভার। তাই তো সেই প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন ব্যবহার করে আসছেন। ভ্রমণের ক্ষেত্রে অন্যতম আরামদায়ক পরিবহনও এটি। দীর্ঘ যাত্রায়ও ক্লান্তি বা অবসাদ আসে না। অন্যান্য গণপরিবহনের তুলনায় ট্রেনে দুর্ঘটনাও কম ঘটে। এতে চালকের ভূমিকাও তুলনামূলক কম।
৭ কিলোমিটার যাওয়ার পর লাইনচ্যুত হয় ট্রেনটি তবে এই ট্রেন নিয়ে যে মাঝে মধ্যে বিপত্তি ঘটে না তা নয়। এই যেমন একটি ট্রেন স্টেশনে রেখে স্টাফরা বিরতি গেলেন, আর অমনি চলতে থাকলো সেটি। ফলশ্রুতিতে যা হওয়ার কথা, তাই হলো। কয়েক মাইল যাওয়ার পর লাইনচ্যুত হলো ট্রেনটি। তবে ভালো খবর হলো, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি এই ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটির মিলান শহরের উত্তরের একটি স্টেশনে এই ঘটনা ঘটে। চালক ও কর্মীরা ট্রেন স্টেশনে রেখে বিরতিতে যায়। এর পর হঠাৎ করেই চলতে শুরু করে ট্রেনটি।খবরে বলা হয়েছে, ট্রেনটি চালক ছাড়াই ৭ কিলোমিটার পর্যন্ত গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীসহ মোট তিন জন আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারণ ওই সময় ট্রেনের ভেতরে মাত্র একজন যাত্রী ছিলেন।ইতালির রেল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।