admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
ইউক্রেন আক্রমণে বড় প্রস্তুতি, রুশ পরিকল্পনা ফাঁস! ইউক্রেনের সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় সেনা সমাবেশের বিস্তার ঘটাচ্ছে প্রতিবেশী রাশিয়া। দেশটি ১ লাখ ৭৫ হাজার সেনার সমন্বয়ে বহুমুখী আক্রমণের পরিকল্পনা করছে বলে দাবি করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা নথির বরাত দিয়ে গতকাল শুক্রবার খবরে বলা হয়, আগামী বছরের প্রথম দিকে আক্রমণ চালিয়ে ইউক্রেন দখলে নেয়ার পরিকল্পনা করছে রাশিয়া।
এ জন্য সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রসহ ৯০ হাজারের বেশি সেনা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, সীমান্তের গুরুত্বপূর্ণ ৪টি স্থানে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, তাদের সীমান্তে ৯৪ হাজার সেনা পাঠিয়েছে মস্কো। এদিকে, ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়ার রেড লাইন মানা হবে না বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা অত্যন্ত দুরূহ করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড সামরিক ঘাঁটিতে বাইডেন আরো বলেন, ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসন বন্ধে বেশকিছু পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন সম্ভব হলে দেশ দুটির মধ্যকার সংকট ব্যাপক ও অর্থপূর্ণভাবে মিটে যাবে। রাশিয়ার ক্রিমিয়া দখলের পর রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা দনবাস এলাকা নিয়ে উত্তেজনা বেড়েছে ইউক্রেনের সঙ্গে। পশ্চিমা মিত্র ইউক্রেন সীমান্তে সেনা পাঠানোর পর পূর্ণাঙ্গ যুদ্ধের ব্যাপারেও হুঁশিয়ারি দেয় মস্কো। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে।