admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিল্লু ও মহিবুব আলম রানাঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার ৯ই মার্চ ২০২২ সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী আশুলিয়ার কাঠগড়ার চৌরাস্তা জিরাবো দেওয়ানবাড়ী নামাপাড়া, নতুনপাড়া, ঋষিপাড়াসহ বেশকিছু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার তিতাস গ্যাস অফিসের একজন কর্মকর্তা জানান, প্রায় এক সপ্তাহ আগে এসব এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করার পরের দিন থেকেই কিছু নামধারী ঠিকাদার গ্যাস অফিসের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পুনরায় রাতের আধারে অবৈধ সংযোগ দেন তারা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ওই এলাকার বিভিন্ন গ্রামে কিছু অবৈধ গ্যাস সংযোগকারী রাতের আধারে তিতাসের মুল লাইন থেকে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। এর ফলে বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগলে পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বিভিন্ন চুলার রাইজার ও নিম্ন মানের কয়েক’শ পাইপ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন বাড়িওয়ালাদের নগদ টাকা জরিমানা করা হয়। ।গত সপ্তাহে তিতাস গ্যাসের অভিযান চলাকালীন সময়ে কয়েক জন ঠিকাদার গ্যাস অফিসের কর্মকর্তাদের সাথে ও পেছনে থেকে কোন কোন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এটা চোখে চোখে রাখে তারা।

পরবর্তীতে অফিসের লোকজন চলে গেলে ঠিকাদাররা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে পুনরায় সংযোগ দিতে দামদর কষে মোটা অঙ্কের অর্থ নিয়ে অবৈধ সংযোগ দেয়। পরে খবর পেয়ে আজ সাভার তিতাস গ্যাস ট্রানস্মিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেইসব সংযোগগুলি বিচ্ছিন্ন করা হয়।
এ সময় গ্রাহকরা বলেন, ঠিকাদাররা গ্যাস অফিসের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে এসব এলাকা থেকে প্রায় আট দশ লক্ষ টাকা নিয়ে বৈধ সংযোগ দেয়ার কথা বলে অবৈধ সংযোগ দেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করার সময় আজ সেসব ঠিকাদারদের মোবাইলে একাধিক বার ফোন দিলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তারা।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম বলেন, গত সপ্তাহে এসব এলাকায় অনুমোদনের চেয়ে অতিরিক্ত চুলা ব্যবহার করার কারণে প্রায় শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিছু দুষ্কৃতীকারীরা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দিয়েছেন এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে সেই সমস্ত সংযোগ গূলি বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন অবৈধ সংযোগ দিয়ে যারা গ্রাহকদের হয়রানি করছে এসব চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা ।